
কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন কাপ্তাই প্রেসক্লাবের এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে কবির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঝুলন দত্ত মনোনীত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির ঘোষণা দেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজাদী ও দৈনিক ইত্তেফাকের কাপ্তাই প্রতিনিধি এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
সভাপতি কবির হোসেন দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণের কাপ্তাই প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক ঝুলন দত্ত বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দৈনিক গিরিদর্পণের কাপ্তাই প্রতিনিধি হিসেবে কর্মরত।
কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি আলমগীর কবির (দৈনিক জনতার সংবাদ), অর্থ সম্পাদক নুর হোসেন মামুন (দৈনিক শেয়ার বিজ) এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন চৌধুরী রিপন (দৈনিক সাঙ্গু), এম বাবুল (দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) এবং জয়নাল আবেদীন (দৈনিক ঘোষণা)।
এর আগে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সততা, দক্ষতা, মেধা ও নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। মূলধারার সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে অপসাংবাদিকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
কাপ্তাই প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু এবং ক্রীড়া ধারাভাষ্যকার ওসমান গনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙামাটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
এ ছাড়া বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর কবির ও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য মংচাই মারমা। স্বাগত বক্তব্য দেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন।
অনুষ্ঠানের শুরুতে কাপ্তাইয়ের প্রয়াত সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।