
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট ২০২৬) সকালে বিলাইছড়ি থানার উদ্যোগে সদর ইউনিয়নের দীঘলছড়ি এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি।
কর্মসূচিতে বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, থানার সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। র্যালিটি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দীঘলছড়ি আর্মি ক্যাম্পসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। মাদকাসক্তি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।