
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসানের সভাপতিত্বে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা করেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।
সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি রাজস্থলীর বিভিন্ন সরকারি দপ্তরে বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি আরও বলেন, কার্যকর জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।