
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে ১৫৯ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে মেরুং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আরও ৯১ পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
রেড ক্রিসেন্টের দেওয়া প্রতিটি খাদ্য প্যাকেজে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং, কবাখালীসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরে ২২ আগস্ট মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাতের পর মেরুং, কবাখালী ও মধ্য বোয়ালখালীসহ বিভিন্ন এলাকায় আবারও পানি প্রবেশ করে।
এরপর ২৯ আগস্ট রাতে ভারী বৃষ্টিতে দীঘিনালায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় মাইনি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বসতবাড়ির পাশাপাশি আমন ধানের ক্ষেত ও সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনের সময়ে সহায়তা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। রেড ক্রিসেন্টের এ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িক খাদ্য সহায়তা পাবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে মোট ৮০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার প্রস্তুতি চলছে।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা, রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ জুলাই দীঘিনালার ছোট মেরুং এলাকার তিনটি আশ্রয়কেন্দ্রে ৬০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছিল রেড ক্রিসেন্ট।