
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম, অ্যালকোহল ও ইয়াবা সেবনের আলামত উদ্ধারের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বোয়ালখালী বাজারের হোটেল একতা ইনের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দীঘিনালা উপজেলার বাসিন্দা মো. বাবুল মিয়া ওরফে বাবলু (৩৩), আব্দুর রহিম (২৪) এবং মো. শরীফুল ইসলাম ওরফে শরীফুল আলম (৩৩)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে দীঘিনালা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে হোটেলের ৩০৭ নম্বর কক্ষ থেকে ৩৭৫ মিলিলিটারের একটি স্বচ্ছ কাচের বোতলে আনুমানিক ১০ মিলিলিটার ভদকা উদ্ধার করা হয়। জব্দ তালিকায় বোতলটির গায়ে ‘ম্যাজিক মোমেন্ট’সহ বিভিন্ন লেখা এবং ৪২ দশমিক ৮ শতাংশ অ্যালকোহলের উল্লেখ থাকার কথা বলা হয়েছে।
এ ছাড়া ইয়াবা সেবনের আলামতযুক্ত চারটি ফয়েল পেপার, বিভিন্ন রঙের ১০টি বোতলের ছিপি, তিনটি মাদক সেবনের পাইপ, পাঁচটি লাইটার এবং মাদক সেবনে ব্যবহৃত পাঁচ টাকার একটি নোট জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই কক্ষে ইয়াবা ও অ্যালকোহল সেবনের কথা জানিয়েছেন। পরে জব্দ তালিকার ভিত্তিতে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল চৌধুরী বলেন, অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
থানা সূত্রে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর দীঘিনালা থানায় এ-সংক্রান্ত মামলা করা হয়। মামলার তদন্তভার এসআই প্রাণতোষ বণিকের ওপর অর্পণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।