
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী এলাকায় এক সাংবাদিকের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী সাংবাদিক আবদুর রশিদ ৭১ টেলিভিশন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলীর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি। তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে দুর্বৃত্তরা তার বাড়ির মূল ফটক ও কক্ষের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের বের হওয়ার পথ বন্ধ করে দেয়। পরে বাড়ির উঠানে রাখা লাল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: কক্সবাজার ল-১১-২৭১০) চুরি করে নিয়ে যায়।
তিনি বলেন, সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান। পরে তালা খুলে বাইরে এসে মোটরসাইকেলটি না পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন।
ভুক্তভোগী আবদুর রশিদ বলেন, “মোটরসাইকেলটি আমার সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের প্রধান বাহন ছিল। দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।”
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের মতে, বসতবাড়িতে এ ধরনের চুরির ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা এলাকায় রাতের টহল ও নজরদারি জোরদারের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৫/২০২৬) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুরি হওয়া মোটরসাইকেলটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।