
মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ছয়নাল ছড়া গ্রামের তরুণী উদ্যোক্তা রিতা চাকমা (২৫) তার ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভের মাধ্যমে সহায়তা চাওয়ার পরও তিনি প্রত্যাশিত সাড়া না পাওয়ায় হতাশ হয়ে পড়েন।
পরিস্থিতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নজরে আসার পর, তার নির্দেশনায় সংশ্লিষ্ট জোন কমান্ডারের মাধ্যমে রিতাকে একটি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় বক্স ও মালামালসহ সহায়তা প্রদান করা হয়।
রিতা চাকমা এই সহায়তা পাওয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, “এটি শুধু একটি দোকান নয়, বরং স্বপ্ন পূরণের পথে নতুন আশা জাগিয়েছে।”
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা দেখাচ্ছে। এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করছে।