
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার মজুদ এবং নির্ধারিত গুদামের বাইরে সার সংরক্ষণের অভিযোগে ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি সার ডিলার প্রতিষ্ঠানের ম্যানেজারকে সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান এসএস ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএস ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেন (২৭)কে সাত দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলার ইউএনও ও দীঘিনালা উপজেলা ইউএনও (অঃ দা) ফারিয়া সুলতানা। এসময় দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সুমন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বরাদ্দের সার যথাযথভাবে সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।