
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন পিডিবিএফ রাঙ্গামাটি অঞ্চলের উপ-পরিচালক মো. আমিনুল হক।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ফেরদৌস মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকল্প পরিচালক আব্দুর রহিম এবং মাঠ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষ নেতৃত্ব গঠন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালাটি টানা তিন দিনব্যাপী চলবে।
বক্তারা আরও জানান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটি সমিতি গঠন, ক্ষুদ্রঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগে সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
সংস্থাটির লক্ষ্য হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, টেকসই দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, নারী উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও পিডিবিএফ ভূমিকা রেখে যাচ্ছে।