
তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ছোট হরিনা জোন (১২ বিজিবি) এর উদ্যোগে আরও ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের শতাধিক মানুষের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার সেগুনবাগান, হারুনটিলা ও এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের মাঝে এসব সহায়তা দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সুপেয় পানি। এছাড়া মীরপাড়া নুরানি তালিমুল কুরআন একাডেমির শিক্ষকদের সম্মানী হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে বরকল উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেক মানুষ পানিবন্দী হয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েন। ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় নিয়ে বিজিবির পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বিজিবি সদস্যরা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সঙ্গে মতবিনিময় করেন ছোট হরিনা জোনের কর্মকর্তারা।
পরে আমতলী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, পিএসসি। এ সময় তিনি পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে স্থানীয়দের সতর্ক করেন।
ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ, পানিবন্দী মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা। তারা দুর্যোগকালীন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।