
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা এবং বন্ধ থাকা পর্যটনকেন্দ্রগুলো আগামী ১৬ জুলাই থেকে পুনরায় চালুর পরিকল্পনা করছে বান্দরবান জেলা প্রশাসন। তবে আবহাওয়া ও বন্যা পরিস্থিতি অনুকূলে থাকলেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা-পরবর্তী পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষাগুলো পুনরায় শুরু করা হবে। একই সঙ্গে পর্যটকদের জন্য বন্ধ থাকা জেলার সব পর্যটনকেন্দ্রও খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে গত ৬ জুলাই টানা ভারি বর্ষণ, পাহাড়ি ঢল, ভূমিধসের আশঙ্কা এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিরুৎসাহিত করে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। পরে বন্যা পরিস্থিতির অবনতি হলে ৮ জুলাই আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
জেলা প্রশাসন জানায়, টানা সাত দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। জেলার ৩৪টি ইউনিয়নের মধ্যে ২৯টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পাশাপাশি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা কার্যক্রম ব্যাহত এবং পর্যটন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তবে গত কয়েক দিনে বৃষ্টিপাত কমে আসায় এবং সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এরই মধ্যে শিক্ষা কার্যক্রম ও পর্যটন খাত স্বাভাবিক করতে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।