
মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপি ও বাঘাইছড়ি পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু এবং বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ।
আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি গুরুতর সামাজিক সমস্যা। এর প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।