
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদসহ স্থানীয় সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বাঘাইছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে একটি কার্যকর সাংবাদিক সংগঠনের ভূমিকার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটি-বাঘাইছড়ির সদস্যরা সততা, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।