
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়িটির চালক জাকীর হোসেন (৩৫)কে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্রাফিক মোড় এলাকায় ওই প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ বান্ডিলে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা গাড়িটির নম্বর চট্টমেট্রো-গ-১৬-৮৪৩৯।
আটক জাকীর হোসেন কুমিল্লার কুলসুম উপজেলার মোক্লেছুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় ইয়াবার চালানসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার সংখ্যা যাচাই এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ সুপার আরও বলেন, বান্দরবানকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।