
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও উৎসবমুখর বাইক শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে শো-ডাউনটি শুরু হয়।
আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন স্লোগানে মুখরিত এ আয়োজন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শো-ডাউনটি জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে পুনরায় চেঙ্গী স্কয়ারে এসে শেষ হয়। এ সময় সমর্থকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।
আয়োজনে অংশ নেওয়া সমর্থকদের অনেকেই জানান, তারা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্ব, দলের ঐতিহ্য এবং বিশ্বকাপ জয়ের সাফল্য তাদের আর্জেন্টিনার প্রতি অনুরাগ আরও বাড়িয়েছে।
শো-ডাউনের এক পর্যায়ে কয়েকজন সমর্থকের কাছে আর্জেন্টিনা দলের বর্তমান ও পরিচিত খেলোয়াড়দের নাম জানতে চাইলে ভিন্নধর্মী একটি পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই মেসির নাম উল্লেখ করতে পারলেও পাঁচজন খেলোয়াড়ের পূর্ণ তালিকা দিতে পারেননি। কেউ দুই বা তিনজন খেলোয়াড়ের নাম বলেই থেমে যান, আবার কেউ বিষয়টি হাস্যরসের মধ্য দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় উপস্থিত দর্শকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। কেউ কেউ মন্তব্য করেন, প্রিয় দলের প্রতি সমর্থন আবেগের বিষয় হলেও দলের খেলোয়াড়দের সম্পর্কে জানাশোনা থাকলে সেই সমর্থন আরও সমৃদ্ধ হয়।
সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শো-ডাউনটি সম্পন্ন হয়। ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণে খাগড়াছড়ি শহর এদিন যেন আর্জেন্টিনার রঙে রঙিন হয়ে ওঠে। বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।