
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
পাহাড়ের ‘লড়াকু নেত্রী’ হিসেবে পরিচিত মাম্যাচিংকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান করায় আনন্দ মিছিল ও গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। রোববার (২৩ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিকেলে বান্দরবান জজকোর্ট এলাকা থেকে জেলা বিএনপির ব্যানারে আনন্দ মিছিলটি বের হয়। জেলা বিএনপির সদস্যসচিব ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মো. জাবেদ রেজার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। আয়োজকদের দাবি, জেলার সাত উপজেলা ও ৩৪ ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে মাম্যাচিং বলেন, নতুন দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞ। দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুনর্গঠিত জেলা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার কথাও জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার ও রিটল বিশ্বাস, জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন জনি ও চনুমং মারমা এবং মহিলা দলের নেত্রী উমেচিংসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা বলেন, অভিজ্ঞ রাজনীতিক মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় বান্দরবানের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে বলে তারা আশা করছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা স্থানীয় উন্নয়নে কাজে লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
জাবেদ রেজা আরও বলেন, এর আগেও মাম্যাচিং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে পরিষদ পরিচালনা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগবে বলে তারা মনে করেন।