
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের প্রধান ড্রেনটির অবৈধ দখল এবং নির্মাণ ত্রুটির কারণে বন্ধ হয়ে টানা বর্ষণে সৃষ্টি হওয়া ভয়াবহ জলাবদ্ধতা নিরসন করলো বাংলাদেশ সেনাবাহিনী।
জানা যায়, প্রতিবছর টানা বর্ষণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় বাঙ্গালহালিয়া বাজারের আশপাশের প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে জীবন যাপন করেন।
বিষয়টি সেনাবাহিনীর নজরে আসার পর বৃহস্পতিবার বিকালে কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ এস আরেফিনের তত্ত্বাবধানে এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী, বাজার সভাপতির সার্বিক সহযোগিতায় পানি নিষ্কাশনের প্রধান নালাটি পরিষ্কার করা হয়।
এরফলে দীর্ঘদিন জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পথ সৃষ্টি হয় এবং স্থানীয়দের দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া–বান্দরবান সড়কে নির্মিত একটি কালভার্টের পশ্চিম পাশে পূর্বের দেয়াল অপসারণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যায়। পাশাপাশি বাজারের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন ধরে দখলে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের বসতবাড়িতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
এসময় স্থানীয় বাসিন্দারা দ্রুত এমন জনবান্ধন উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান। এছাড়াও স্থায়ীভাবে বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেন দখলমুক্ত রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নির্মাণকাজের ত্রুটি দ্রুত সংশোধনের দাবি জানান ভুক্তভোগীরা।