
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “জাতীয় ঐক্যের প্রতীক নজরুল”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লামা সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেদুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা নন্দন সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। লামা তথ্য অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতা, সাম্য, বিদ্রোহী চেতনা এবং অসাম্প্রদায়িক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন আজও বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, বিদ্রোহ, মানবতা, সাম্য এবং অসাম্প্রদায়িক চেতনার অমর কবি কাজী নজরুল ইসলামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সংগ্রামমুখর জীবন অতিক্রম করে তিনি বাংলা সাহিত্য ও সংগীতে অসামান্য অবদান রাখেন। ১৯২২ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক ‘ধূমকেতু’ পত্রিকা তৎকালীন সমাজ ও রাজনৈতিক চেতনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।