
সৈয়দ এম এ বাসার, পানছড়ি।।
দীর্ঘ ১৮ বছর প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে জমি কিনেও মালিকানা ও অর্থের হিসাব নিয়ে বিরোধে পড়েছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা রিপন সরকার। জমির প্রকৃত ক্রয়মূল্য, পরিশোধিত অর্থের হিসাব এবং অতিরিক্ত টাকা দাবির অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় পানছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন রিপন সরকার। তিনি পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি সদর ইউনিয়নের টিএন্ডটি টিলা এলাকার বাসিন্দা। তাঁর বাবা তপন সরকার।
লিখিত বক্তব্যে রিপন সরকার জানান, প্রবাসে থাকা অবস্থায় বন্ধু রুপন কান্তি দাশের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার ২৬২ নম্বর গোলাবাড়ি মৌজায় ২ একর ২৫ শতক জমি কেনেন তিনি। এর মধ্যে তাঁর নিজের অংশ ১ একর ৫০ শতক এবং বন্ধুর অংশ ৭৫ শতক। জমিটির মোট ক্রয়মূল্য ১৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এর মধ্যে নিজের অংশের জন্য ১২ লাখ টাকা এবং বন্ধুর অংশের জন্য ৬ লাখ টাকা নির্ধারিত হয়।
রিপনের দাবি, নিজের অংশের জমি কেনার জন্য ব্যাংক ও নগদ মাধ্যমে সম্পূর্ণ ১২ লাখ টাকা পরিশোধ করেন তিনি। এ ছাড়া জমির রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার জন্য আরও ২ লাখ ৩৪ হাজার টাকা দেন।
তিনি অভিযোগ করেন, দেশে ফিরে নিজের কেনা জমিতে কাঁটাতারের বেড়া দিতে গেলে জমির মূল মালিক নবীনা ত্রিপুরা ও কৌশিক চাকমা বাধা দেন। এ সময় তাঁদের কাছ থেকে জানতে পারেন, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ১০ লাখ টাকা। জমির মূল্য পরিশোধের পরও তাঁর কাছে আরও ৫০ হাজার টাকা বকেয়া দাবি করা হয় বলে জানান তিনি।
রিপন সরকার বলেন, বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য প্রথমে সনাতন সমাজ কল্যাণ পরিষদের কাছে লিখিত অভিযোগ করেন। সেখানে জমির ক্রয়মূল্য ১০ লাখ টাকা বলে স্বীকার করা হয়েছে বলে তাঁর দাবি। তবে সামাজিকভাবে বিরোধের নিষ্পত্তি না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি আদালতে মামলা করেন তিনি। পরে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বন্ধুর মালিকানাধীন ৭৫ শতক জমি কেনার জন্যও তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়। অন্য কারও কাছে জমি বিক্রি করে তাঁর সঙ্গে বিরোধ তৈরির হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। একপর্যায়ে ওই জমি কিনতে সম্মত হলে তাঁর কাছে অতিরিক্ত ৭ লাখ টাকা দাবি করা হয়। এর মধ্যে ৩ লাখ টাকা পরিশোধ করেছেন এবং বাকি ৪ লাখ টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিপন।
নিজের দেওয়া অর্থের হিসাব তুলে ধরে তিনি জানান, জমি ক্রয় বাবদ ১২ লাখ, রক্ষণাবেক্ষণ বাবদ ২ লাখ ৩৪ হাজার এবং ৭৫ শতক জমি হস্তান্তর বাবদ ৩ লাখ টাকা দিয়েছেন। সব মিলিয়ে তাঁর দাবি অনুযায়ী পরিশোধিত অর্থের পরিমাণ ১৭ লাখ ৩৪ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে রিপন সরকার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং খাগড়াছড়ির ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে চার দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—জমির প্রকৃত ক্রয়মূল্য, দলিল ও মালিকানা নিরপেক্ষভাবে তদন্ত করা; তাঁর পরিশোধিত ১৭ লাখ ৩৪ হাজার টাকার হিসাব যাচাই করা; অবশিষ্ট ৪ লাখ টাকা পরিশোধের জন্য চাপ ও হুমকির অভিযোগ খতিয়ে দেখা এবং মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
তিনি আরও জানান, অর্থ লেনদেনের ব্যাংক বিবরণী, অর্থ পরিশোধের প্রমাণপত্র, জমির দলিল ও আদালতের প্রয়োজনীয় কাগজপত্র তদন্তকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত রয়েছেন।
রিপন সরকার বলেন, দীর্ঘ ১৮ বছরের প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা জমির মালিকানা ও অর্থের সঠিক হিসাব নিশ্চিত করাই তাঁর উদ্দেশ্য। তিনি কোনো বিশেষ সুবিধা চান না; বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে নবীনা ত্রিপুরা, কৌশিক চাকমা ও রুপন কান্তি দাশের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।