
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭ এর আওতায় রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) জেলা ক্রীড়া অফিস, রাঙামাটি পার্বত্য জেলার আয়োজনে এবং রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক সুপর্ণ দেব বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রে সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিকভাবে এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার (অব.) স্বপন কিশোর চাকমা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মো. আবছার উদ্দিন, প্রধান শিক্ষক তাপসী চাকমা এবং রাঙামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাছির উদ্দীন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়; বরং যথাযথ সুযোগ, সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও ক্রীড়াসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও প্রতিভার স্বাক্ষর রাখতে পারে।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।