
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছেন সওজের কারখানা উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রনেল চাকমা।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ২০ থেকে ২৫ জন বহিরাগত ব্যক্তি রাঙামাটিতে সওজের কারখানা বিভাগের কিছু জায়গা জবরদখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও তারা তা উপেক্ষা করে জায়গার কিছু অংশ দখলে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
কারখানা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জানান, তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে একাধিক গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিদের কাজে বাধা দেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর অভিযুক্তরা আবার দখলের কাজ চালিয়ে যান বলে অভিযোগ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, সরকারি ভূমি অবৈধ জবরদখলকারীদের বিরুদ্ধে সকল আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
লিখিত কাগজপত্র সূত্রে জানা গেছে, রাঙ্গাপানি মৌজা, ১০২ হোল্ডিং, ২৩/টি দাগ নং ১৮৬৫/২২৭২, ১৯৭৮ সালে ৫ একর ৪০ শতক ভূমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। হোল্ডিং নং ১৯০/২১, ০.৪০ একরসহ মোট ৫.৪০ একর জমি সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুকূলে এলএ শাখায় কেস নং ২১৮(ডি) ১৯৭৪-৭৫ মূলে অধিগ্রহণ করা হয়েছে বলে সওজ দাবি করেছে।
সওজের পক্ষ থেকে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭ এর ধারা-১৩ এবং ৫ ও ৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। সরেজমিনে তদন্তের মাধ্যমে অধিগ্রহণকৃত সরকারি জমির অবৈধ দখল ও স্থাপনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশসহ উচ্ছেদ অভিযান পরিচালনা, নির্মাণাধীন অবৈধ দোকানপাট নির্মাণ বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, অবৈধ স্থাপনা অপসারণপূর্বক অধিগ্রহণকৃত জমির দখল পুনরুদ্ধার এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুকূলে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ ও সরকারি জমিতে পুনরায় অবৈধ দখল প্রতিরোধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এজাহারে মো. মামুন (পিতা: আবদুল মাবুদ) নামের এক ব্যক্তিকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এজাহারে অভিযুক্তদের মধ্যে আবছার, আজম, জুয়েল, সিরাজুল মোস্তফা, সাইফুল, মো. সোহেল ও রানার নাম উল্লেখ রয়েছে বলে সওজ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত মামুন প্রতিবেদককে বলেন, “আমরা ক্ষতিপূরণ পাইনি, সুপ্রিম কোর্টের অস্থায়ী আদেশ মূলে দখল করেছি।”
এজাহারে আরও বলা হয়, এভাবে সরকারি জায়গা দখলের ফলে কারখানা বিভাগের অভ্যন্তরে সংরক্ষিত যানবাহন ও বিভিন্ন সরঞ্জামের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষায় এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় এজাহার দায়ের করা হয়েছে।
তবে এই প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত কোতোয়ালি থানা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নিয়েছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।