
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীর এর উদ্যোগে হেডম্যান, কারবারি ও ইউপি সদস্যদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় সেনাবাহিনীর কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকত।
এসময় ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে বর্তমানে পাহাড়ে বিভিন্ন মাদকের আনাগোনা বেড়ে যাওয়ায় যুব সমাজে মাদকের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছে। এই মাদকের পরিস্থিতি রোধে সেনাবাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। এজন্য পাড়ায়-মহল্লায় এবং সুবিধাজনক জায়গায় ক্রীড়া ভিত্তিক ক্লাব গঠন করে সেগুলোতে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এলাকার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও পাহাড়ি বাঙালি সকলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমাসহ দুই ইউনিয়নের সকল ইউপি সদস্য, হেডম্যান ও কারবারিবৃন্দ।