
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর অংশ হিসেবে সদর উপজেলার বাকীছড়া এলাকায় কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছে দুদকের একটি দল। পরিদর্শন শেষে প্রকল্পগুলোর কাজ অনেকটাই সন্তোষজনক বলে জানিয়েছেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাকীছড়া এলাকায় প্রকল্প পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
দুদক সূত্রে জানা গেছে, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে গভীর নলকূপ স্থাপন, জিএফএস (গ্র্যাভিটি ফ্লো সিস্টেম) ও রেইন ওয়াটার হারভেস্টিংসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পায় দুদক। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, অভিযোগের ভিত্তিতে প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্র যাচাই করা হয়েছে। এরপর মাঠপর্যায়ে এসে বাকীছড়া এলাকার কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শন করা প্রকল্পগুলোর কাজ অনেকটাই সন্তোষজনক মনে হয়েছে।
তিনি বলেন, চলতি অর্থবছরে বান্দরবানের অন্যান্য উপজেলাতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সেগুলোও পর্যায়ক্রমে যাচাই-বাছাই করা হবে। তদন্ত শেষে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, দুদকের তদন্তাধীন প্রকল্পগুলো মূলত ২০২৪-২৫ অর্থবছরের। ওই সময়ে বরাদ্দ না থাকায় প্রকল্পগুলোর কাজ ২০২৫-২৬ অর্থবছরে সম্পন্ন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় নিয়ম-কানুন অনুসরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তদন্ত প্রতিবেদন দাখিলের পর প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।