
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ পালন, রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের উদ্যোগে দুল্যাতলী আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন দুল্যাতলী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শফিউল ইসলাম এবং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা।
প্রশিক্ষণে দুল্যাতলী ইউনিয়নের ১৫ জন প্রান্তিক খামারি অংশ নেন। এতে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালনের সঠিক পদ্ধতি, প্রাণীর রোগ শনাক্তকরণ, রোগ প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং অসুস্থ পশু-পাখির প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পশু-পাখির প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন। এর ফলে পশু-পাখির মৃত্যুহার কমানো এবং খামারের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এ উদ্যোগ।
সংশ্লিষ্টদের মতে, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও জীবিকায়নে সহায়তার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।