
ঈদগাঁও প্রতিনিধি।।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ঈদগাঁওয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে (কেজি স্কুল) এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব রেড ক্রিসেন্টের টিম লিডার ও সাংবাদিক আজিজুর রহমান রাজু।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, মশার বংশবিস্তার রোধ এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুবপ্রধান রিয়াদ মোর্শেদ খালেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।