
মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি::
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোন কর্তৃক পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় কৃষি খামারিদের জন্য হাতে-কলমে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্কর-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অংশগ্রহণকারীদের কম্পোস্ট সার তৈরিতে প্রয়োজনীয় উপকরণ—গবাদি পশুর গোবর, শুকনো পাতা, খড় ও ফসলের অবশিষ্টাংশ, রান্নাঘরের সবজি ও ফলের খোসা, কাঠের গুঁড়া, মাটি, পানি, ইউরিয়া ও টিএসপি—সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে কম্পোস্ট সার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া প্রদর্শন ও অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়।
এ কর্মশালায় পানছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চৌধুরীপাড়া, ইটাখোলা ও পাইলট ফার্ম এলাকার প্রায় ৬৫ থেকে ৭০ জন নারী-পুরুষ কৃষি খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা সহজেই গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে নিজস্ব প্রয়োজনীয় কম্পোস্ট সার উৎপাদন করতে পারবেন। এতে একদিকে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে উৎপাদন খরচ হ্রাস পেয়ে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
খাগড়াছড়ি জোন সূত্রে জানা যায়, এ ধরনের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পর্যায়ক্রমে জোনের আওতাধীন প্রতিটি পাড়ায় আয়োজন করা হবে। এর ফলে স্থানীয় কৃষক, আঙিনা বাগানচাষি এবং বিভিন্ন ফসল উৎপাদনকারী পরিবার সরাসরি উপকৃত হবে। পাশাপাশি গৃহস্থালির জৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।