
মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
লংগদু উপজেলাুএর কালাপাকুজ্জা ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার বিকেলে “আলো চাই, উন্নয়ন চাই—আমাদের এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ চাই” এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আধুনিক যুগেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকায় এলাকার শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে এবং রাতে পর্যাপ্ত আলো না থাকায় তাদের শিক্ষাজীবন ক্ষতির মুখে পড়ছে।
তারা আরও বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প ও কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্ভব হচ্ছে না, ফলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি রাতে অন্ধকার পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

oplus_0
স্থানীয় বাসিন্দারা জানান, তারা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো অগ্রগতি হয়নি, শুধুমাত্র আশ্বাস পাওয়া গেছে।
বক্তারা দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
এলাকাবাসী বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কালাপাকুজ্জা ইউনিয়নের মানুষ দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আসতে পারে।