
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজনগর ইউনিয়নে লোকালয় থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বন্যপ্রাণীটিকে বন বিভাগের সহায়তায় গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
আজ ৯ই জুলাই (বৃহস্পতিবার) সকালে রাজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর সাত গড়িয়া পাড়া জামে মসজিদের পাশে স্থানীয় বাসিন্দারা প্রথম এই বিশাল অজগরটি দেখতে পান। লোকালয়ে এত বড় সাপ দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।সাপটি দেখার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান রাজনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসীম উদ্দিন লিটন। তিনি স্থানীয় উৎসুক জনতাকে শান্ত করেন এবং তাদের সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে কোনো প্রকার আঘাত না করে, সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারের পর সাপটিকে দ্রুত রাণীরহাট ইছামতি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
ইছামতি রেঞ্জ কর্মকর্তা সাপটিকে গ্রহণ করে তার শারীরিক সুস্থতা নিশ্চিত করেন।সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় সেটিকে তার নিরাপদ ও স্বাভাবিক প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বন বিভাগের তত্ত্বাবধানে অজগরটিকে ঠান্ডাছড়ি বনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।বন্যপ্রাণী পিটিয়ে না মেরে তা রক্ষায় জসীম উদ্দিন লিটনের এমন দায়িত্বশীল, সচেতন এবং মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইছামতি রেঞ্জ কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।