
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের বদুরঝিরি টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বদুরঝিরি পাড়ার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে।
আহতরা হলেন একই এলাকার বাসিন্দা মো. শাহজাহান ও বেলাল হোসেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে এনামসহ তিনজন মোটরসাইকেলে করে ব্যক্তিগত কাজে লামা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে বদুরঝিরি টার্নিং পয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।