
রুমা প্রতিনিধি।।
দীর্ঘদিনের সুপেয় পানির সংকটে ভোগা বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়নের আময়পাড়া এলাকার বাসিন্দাদের জন্য একটি পানির ট্যাংক প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় গ্যালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোর কাছে আনুষ্ঠানিকভাবে পানির ট্যাংকটি হস্তান্তর করেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সুপেয় পানি সংগ্রহের জন্য প্রতিদিন দীর্ঘ পথ অতিক্রম করতে হতো এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। নতুন পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে এ ভোগান্তি অনেকাংশে কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
আময়পাড়ার বাসিন্দা কাইংপ্রে ম্রো বলেন, “দীর্ঘদিন কষ্টের পর আমরা একটি পানির ট্যাংক পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত। নিরাপদ পানির ব্যবস্থা হওয়ায় আমাদের ভোগান্তি অনেকটাই কমবে।”
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট বিবেচনায় নিয়ে রুমা জোনের উদ্যোগে এ পানির ট্যাংক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগের জন্য রুমা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।