
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালুকদার পাড়ায় ৩ বিজিবির লোগাং জোনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস।
ত্রাণ বিতরণের পাশাপাশি জোন কমান্ডার বন্যাকবলিত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ সম্পর্কে অবগত হন এবং দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় জোন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমের পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা দুর্যোগের সময় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।