
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
পবিত্র রবিউল আউয়াল মাসের আগমন উপলক্ষে রাঙামাটির রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, রাজস্থলী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে রাজস্থলী উপজেলার তালুকদারপাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি স্বাগত র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজস্থলী বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী তালুকদারপাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ওয়াহিদুল ইসলাম সিরাজি।
সভায় বক্তব্য দেন তালুকদারপাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজস্থলী শাখার সাধারণ সম্পাদক হাফেজ জাহিদুল আলম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোস্তফা আল কাদেরীসহ গাউছিয়া কমিটির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে মহানবীর আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহসহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।