
মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নবনির্বাচিত পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় তিনি জামতলী নিচের এলাকা, জামতলী বাঙালি পাড়া ও বাজার এলাকার ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য এম এ আফসার ও সদস্য মো. মোশাররফ হোসেন প্রমূখ।।
পরিদর্শনকালে চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা নেওয়া হয়েছে। খুব শিগগিরই সরকারি সহযোগিতা আপনাদের মধ্যে পৌঁছাবে। আমরা সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করছি।
এদিকে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের অভিযোগ, বন্যার পাঁচ দিনেরও বেশি সময় পার হলেও তারা এখনো কোনো সরকারি ত্রাণ পাননি। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় অনেকে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারা বলেন, “কতদিন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকব, জানি না। সরকার দ্রুত আমাদের সহযোগিতা করুক।
উল্লেখ্য, গত ২১ আগস্ট মধ্যরাতে মাত্র তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে দীঘিনালার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।