
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা।।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি গাদা বন্দুক এবং অপরটি ছোট আকৃতির দেশীয় বন্দুক রয়েছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতিরছড়া বড়ইতলী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের লাইটের পোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই (নিরস্ত্র) ফেরদৌস রনি সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত রাত্রীকালীন টহলে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, লাইটের পোড়া এলাকার কালাচানের রাস্তার পূর্ব পাশে পাহাড়ি ঝোপঝাড়ের মধ্যে কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে রাখা ছিল কিনা, কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কিনা—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৯৮) লিপিবদ্ধ করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. পলাশ খানকে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত চলছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।