
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী সংবাদদাতা।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে চুলার আগুন থেকে লাগা অগ্নিকাণ্ডে এক জুমচাষীর বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের সমস্ত আসবাবপত্র, খাদ্যশস্য ও নগদ অর্থসহ সর্বস্ব হারিয়ে বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম শিলছড়ি খিয়াং পাড়ায় অংথইউ খিয়াংয়ের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী অংথইউ খিয়াং জানান, রাতে রান্নার চুলা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে ঘরে সংরক্ষিত প্রায় আশি আড়ি ধান, ছয় মন হলুদ, দুই লক্ষ টাকার আসবাবপত্র এবং নগদ ৩১ হাজার ৫০০ টাকা পুড়ে যায় বলে তিনি দাবি করেন।
অগ্নিকাণ্ডের পর পরিবারটি—স্ত্রী ও তিন সন্তানসহ—বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয়দের সহযোগিতায় তারা সাময়িকভাবে দিন কাটাচ্ছেন।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।