
ওমর ফারুক সুমন, বাঘাছড়ি।।
রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র্যালি, স্লোগান এবং ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার বিকেলে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ বাঘাইছড়িতে পৌঁছালে স্থানীয় উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলের মালা ও করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীসহ শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে ভূমিকা রেখেছে। তৃণমূলের কর্মীদের ত্যাগ ও অবদান সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যোগ্যতা ও আন্দোলনে সক্রিয়তার ভিত্তিতে নেতৃত্ব গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল ভূমিকা অব্যাহত রাখবে।
প্রধান বক্তা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, পাহাড়ের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। এসব সমস্যা সমাধান এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা বলেন, বাঘাইছড়িতে নেতাকর্মীদের উপস্থিতি সংগঠনের সাংগঠনিক শক্তির পরিচয় বহন করে। ছাত্রদল শিক্ষা, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে।
সাংগঠনিক সম্পাদক মো. গালিব হাসান বলেন, শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার বার্তা দেওয়া হয়েছে।
বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. হুমায়ুন রশিদ নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, তৃণমূলের ঐক্য ও পরিশ্রমের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। পরে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।