
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সীমান্ত সংশ্লিষ্ট অবৈধ অনুপ্রবেশ আইনে মামলাটি দায়ের করা হয়।
সোমবার সকালে উখিয়া উপজেলার ৬৪ বিজিবির অধীন হোয়াইক্যং বিওপির নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারভুক্ত ৫২ জনকে কক্সবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর একজন গুলিবিদ্ধ হওয়ায় পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশেষ সূত্র জানায়, অভিযুক্তদের অধিকাংশই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরাকানকে ফিরে পাওয়ার’ যুদ্ধে অংশ নিতে মিয়ানমারে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে পড়ে হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সীমান্ত সংশ্লিষ্ট অবৈধ অনুপ্রবেশ আইনে আটক ৫৩ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হুজাইফা সুলতানা আফনান নামে এক বাংলাদেশি কিশোরী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের অযাচিতভাবে সীমান্ত সংলগ্ন এলাকায় না যাওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।