
বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
অতি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বান্দরবানে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বান্দরবান ইউনিটের সহযোগিতায় গত ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত বান্দরবান সদর উপজেলার ২, ৪, ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মোবাইল মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করে।
১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। এ সময় সংস্থাটির বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।
মোবাইল মেডিকেল টিম উজানীপাড়া, আর্মিপাড়া, ভরাখালী, গোয়ালিয়াখোলা, ইসলামপুর, নতুনপাড়া ও ছাইংগ্যা এলাকায় চিকিৎসাসেবা প্রদান করে। এ সময়ে মোট ৫৯০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ১২০ জন পুরুষ, ২৩৯ জন নারী এবং ২৩১ জন শিশু রয়েছে। চিকিৎসাসেবার পাশাপাশি দুর্গত মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।
বান্দরবান জেলা ইউনিটের ইউনিট অফিসার মো. আসশাদুল হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করে থাকে। মোবাইল মেডিকেল টিমের কার্যক্রম তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি জানান, শুধু বান্দরবান নয়, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলাতেও একই ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাটোর রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা মো. নাজির শিকদার। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো. আজমাইন আদিল এবং মিডওয়াইফ হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াসমিন আক্তার। এছাড়া যুব স্বেচ্ছাসেবক ও মনোসামাজিক সহায়তা (পিএসএস) কর্মীরাও কার্যক্রমে অংশ নেন।