
অংগ্য মারমা, মানিকছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘বৃক্ষরোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষকদল খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি পারদর্শী বড়ুয়া।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা কৃষকদলের আয়োজনে মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি মো. আল ফারুকের সভাপতিত্বে এবং মানিকছড়ি সদর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক অংগ্য মারমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কৃষকদল খাগড়াছড়ি জেলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান জাহাঙ্গীর ও সফিকুর ইসলাম বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান মাস্টার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, মানিকছড়ি সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আব্দুল রাজ্জাক, তিনটহরী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. হানিফ এবং বাটনাতলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. খোকন মিয়াসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে পারদর্শী বড়ুয়া বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়িতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি জানান, পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলোচনা সভা শেষে উপজেলা জামতলা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।