
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান সেনা জোনের উদ্যোগে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে বান্দরবান সেনা জোন মাঠে “সম্প্রীতির ভলিবল টুর্নামেন্টু২০২৬” অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বান্দরবান সেনা জোন দল এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান সেনা জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোন উপ-অধিনায়ক, বান্দরবান সেনা জোন এবং বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম। এছাড়াও সেনা জোনের অন্যান্য কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দুই দলের খেলোয়াড়দের দক্ষতা, দলগত সমন্বয় এবং খেলোয়াড়সুলভ মনোভাব উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো মাঠজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে, যা সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য বার্তা বহন করে।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় ক্রীড়া সংগঠনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্প্রীতির এ আয়োজন উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।