
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে ‘কাপ্তাই নতুন বাজার লকগেইট ১০ শয্যা হাসপাতাল’ স্থানীয়দের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে হাসপাতালের চিকিৎসক ডা. এ.কে.এম. কামরুল হাসানের যোগদানের পর থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার অসংখ্য রোগী প্রতিদিন চিকিৎসা নিতে এখানে আসছেন। এক রোগী জানান, “আগে ডাক্তার পাওয়া যেত না, এখন বড় ডাক্তার নিয়মিত বসেন এবং খুব যতœ নিয়ে আমাদের কথা শোনেন।”
তবে, সেবার পরিধি বেড়ে গেলেও হাসপাতালটি এখনো তীব্র জনবল সংকট এবং চিকিৎসক-স্টাফদের আবাসন সমস্যার মুখোমুখি। প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জামও এখানে সীমিত। ডা. কামরুল হাসান জানান, “গত দুই বছরে আমি ব্যক্তিগত খরচে রোগীদের বসার ব্যবস্থা ও পানির সংকট সমাধান করেছি, তবে সরকারিভাবে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ জরুরি।”
কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, “চিকিৎসায় গতি ফিরলেও অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল সংকট বড় সমস্যা।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানিয়েছেন, আবাসন সমস্যার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সংস্কারের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
স্থানীয়রা দাবি করেছেন, জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত হলে এই হাসপাতালটি অঞ্চলের দরিদ্র মানুষের জন্য আদর্শ স্বাস্থ্যকেন্দ্র হয়ে উঠবে।