
পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উপজেলা, জেলা ও বিভাগীয়—তিন স্তরেই শিক্ষার্থীরা অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের কুচকাওয়াজে দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য প্রতিষ্ঠানটিকে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ২৯ জন ছাত্রী নিয়ে গঠিত একটি প্যারেড দল তাদের সুশৃঙ্খল পরিবেশনার মাধ্যমে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
এদিকে বান্দরবান পার্বত্য জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতেই শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। এ বছর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে ৬৪ সদস্যের দুটি প্যারেড দল (ছোট ও বড়), ২৩ সদস্যের একটি ব্যান্ড দল এবং ১৪৬ জন শিশুর সমন্বয়ে একটি ডিসপ্লে দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুর রহমান।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে প্যারেড ও ডিসপ্লে—উভয় ইভেন্টেই বিজয়ী হয় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কামাল, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য সরকারি কর্মকর্তা।
উল্লেখ্য, কোয়ান্টাম ফাউন্ডেশন-এর উদ্যোগে ২০০১ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের ২২টি জাতিগোষ্ঠীর আড়াই হাজারের বেশি শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি এখানে মেডিটেশন, যোগব্যায়াম ও সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। চলতি বছরে নতুন করে ৩৮ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।