
এম. এ. রহমান সীমান্ত, উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোহাম্মদ জহির (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের দাবি, গ্রেপ্তার জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের (সাবেক আশ্রয়কেন্দ্র) সামনে সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জহিরকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
গ্রেপ্তার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা। র্যাবের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে অপরাধী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।