
মোঃ সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের নোয়াপাড়া সমাজের সর্দার নির্বাচন অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সমাজের নতুন সর্দার নির্বাচিত হয়েছেন কালা মিয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম পাটোয়ারী আনারস প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে তাইন্দং নোয়াপাড়া সমাজ প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমাজের নেতৃত্ব নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক উপস্থিতিতে পুরো নির্বাচনী পরিবেশ ছিল প্রাণবন্ত।
নির্বাচন পরিচালনা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, নোয়াপাড়া সমাজে মোট ভোটার সংখ্যা ছিল ২৪২ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭৬ জন। গণনা শেষে ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়। বৈধ ভোটের মধ্যে চেয়ার প্রতীকের প্রার্থী কালা মিয়া ১০৫ ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী আবুল কাশেম পাটোয়ারী ৭০ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সর্দার কালা মিয়ার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। এ সময় সমর্থকদের মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
নোয়াপাড়া সমাজের এই ব্যতিক্রমী সামাজিক নির্বাচনকে কেন্দ্র করে তাইন্দং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে দেখা যায়। স্থানীয়দের মধ্যে নির্বাচন ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সদস্য মোঃ তৌফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং তাইন্দং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কোরবান আলী।
বক্তারা বলেন, একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গঠনে একজন যোগ্য সর্দারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোয়াপাড়া সমাজের মানুষ গণতান্ত্রিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁদের নেতা নির্বাচন করেছেন, যা প্রশংসার দাবিদার।
তাঁরা আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সর্দার সমাজের সার্বিক উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন এবং নোয়াপাড়া সমাজের সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও প্রার্থীরা।
নোয়াপাড়া সমাজের এই নির্বাচন স্থানীয় পর্যায়ে সামাজিক নেতৃত্ব নির্বাচন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।