
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তা প্রদান করেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল। এতে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন তিনি।
এসময় বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তজা সাইফ রাসেল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। পাহাড়ের সকল ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে যার যার ধর্ম পালন করতে পারেন আমরা সেই প্রত্যাশা রাখি। সকল সম্প্রদায়ের সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।