
রাঙামাটির কাপ্তাইয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন চম্পাকুঁড়ি খেলাঘর আসর।
রবিবার (১৫ মার্চ) বিকেলে কর্ণফুলী পেপার মিলসের বারঘোনিয়া ব্রিকফিল্ড মাঠ এলাকায় সংগঠনটির উদ্যোগে কেপিএম আবাসিক এলাকার প্রায় ১৫০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ শহীদ উল্লাহ্। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি মানবিক মূল্যবোধ জোরদার করতে সহায়ক।
চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি ও কেপিএম লিমিটেডের হিসাব বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. জালাল উদ্দিন সাগর, সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, নাট্যব্যক্তিত্ব আনিসুর রহমান, সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন ও এম বাবুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
চম্পাকুঁড়ি খেলাঘর আসর দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় মানুষের সহায়তা, সামাজিক কর্মকাণ্ড এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।