
কাপ্তাই প্রতিনিধি।।
নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দিপু) ও ১৪ সদস্যকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও সংবর্ধনা করেছে কাপ্তাই উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কাপ্তাই নতুন বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নতুন বাজার ও কাপ্তাই জেটিঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাইয়ের কৃতী সন্তান ও নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
অনুষ্ঠানে উথোয়াই মং মারমা পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ স্থানীয় নেতারা। বক্তারা নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি পাহাড়ের সার্বিক উন্নয়ন, শান্তি ও অগ্রগতিতে নবগঠিত পরিষদ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।