
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সদস্যরাও সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, ১৩টি দোকানের কোনো দোকানদারই রাতে দোকানে থাকেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।