
মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি।।
রাঙামাটির বাঘাইছড়িতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে হিল ভয়েজকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় পায় হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হয়। এ ছাড়া রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে আরও ৩০ হাজার এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
হিল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রেমা চাকমা ও বিল্টু চাকমা এবং বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন তালুকদার দিপু বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাঙামাটি জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়।