
মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানি অপারেশনের জন্য নির্বাচিত ৮৪ জন রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রথম ধাপে এসব রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানি অপারেশন ও অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হবে। চিকিৎসা শেষে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রোগীদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে।
এর আগে গত ১৯ আগস্ট পানছড়ি উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১৫৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে চট্টগ্রামে পাঠানো হলো।
প্রেরিত রোগীদের মধ্যে ৪৬ জন পাহাড়ি ও ৩৮ জন বাঙালি জনগোষ্ঠীর। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৫০ জন নারী রয়েছেন। অবশিষ্ট ৭১ জনকেও পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে নেওয়া হবে।
দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান জোরদারে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।